অপহরণের একদিন পর উদ্ধার বিদ্যা চন্দ্র ত্রিপুরা, স্বজনদের মাঝে স্বস্তি
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ডিসি রোড এলাকা থেকে অপহৃত হওয়া বিদ্যা চন্দ্র ত্রিপুরা (৪২) অপহরণের একদিন পর উদ্ধার হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, সোমবার (৩ আগস্ট) রাতে তিনি নিজ মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থানের কথা জানান।
বিদ্যা চন্দ্র ত্রিপুরার ভাই গঙ্গা চন্দ্র ত্রিপুরা বলেন, “গতকাল ৩ আগস্ট ২০২৬ আমার মোবাইলে কল দিয়ে বলেন, ‘আমি এই স্থানে আছি, আমাকে বাড়ি নিয়ে যাও। আমি বাড়ি যেতে চাই।’” খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উল্লেখিত স্থানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে আসায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরিবারের সদস্যদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যায়। স্থানীয়রাও বিদ্যা চন্দ্র ত্রিপুরার সুস্থভাবে ফিরে আসাকে স্বাগত জানান।
খবর পেয়ে লামা থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যা চন্দ্র ত্রিপুরার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার গজালিয়া ইউনিয়নের ডিসি রোড এলাকা থেকে বিদ্যা চন্দ্র ত্রিপুরা অপহরণের শিকার হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই লামা থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে।
তবে বিদ্যা চন্দ্র ত্রিপুরাকে কোথায় রাখা হয়েছিল, কীভাবে তিনি মুক্ত হলেন এবং অপহরণের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।