বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল: সাতকানিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর উদ্যোগে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়, ৫ নম্বর আমিলাইশ ইউনিয়ন, সাতকানিয়ায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন, ডায়াবেটিস, অর্থোপেডিক ও বাতব্যথা, হৃদরোগ, গাইনি, শিশুরোগ, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলা (ইএনটি) এবং চক্ষু বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
চিকিৎসা ক্যাম্পের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোজাম্মেল হক, এস. এম. কামারুজ্জামান এবং মোহাম্মদ নিজাম উদ্দিন।
এছাড়া সিরিয়াল ও নিবন্ধনের জন্য মো. কাজী ইসহাক, মো. আমীর উদ্দিন, মো. ইমরান সোহেল, অর্ণব চৌধুরী এবং মাস্টার মনসুন আহমেদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বন্যাকবলিত এলাকার রোগীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।