বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা ডিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ৫, উদ্ধার বিদেশি পিস্তল ও অস্ত্র

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৩ জুন ২০২৬ চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত ২২ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের মজুদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যায়, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোররাত সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার, অস্ত্রের উৎস এবং অপরাধচক্রের অর্থায়নের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।

ক্যাটাগরি