লবণ কারখানায় অগ্নিদগ্ধ লিটনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন নগর জামায়াত আমীর নজরুল ইসলাম
চট্টগ্রাম, ২০ জুলাই: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে দগ্ধ শ্রমিক মোহাম্মদ লিটনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা, দোয়া এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) কনফিডেন্স লবণ কারখানায় দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর ছিল। আহতরা হলেন বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)। এ ঘটনায় ইতোমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মারাত্মকভাবে অগ্নিদগ্ধ মোহাম্মদ লিটন সদরঘাট উত্তর নালাপাড়ার বাসিন্দা, স্থানীয় সামাজিক সংগঠন ‘শতাব্দী ক্লাব’-এর সদস্য এবং পিতৃহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে শতাব্দী ক্লাবের সদস্য ইরফান এবং লিটনের ভাই রিপন তার চিকিৎসা ও সার্বক্ষণিক দেখাশোনা করছেন।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় সদরঘাট নালাপাড়ায় লিটনের বাসায় গিয়ে তার অসহায় মা, বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন নগর জামায়াত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, ধৈর্য ধারণের আহ্বান জানান এবং লিটনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।
নজরুল ইসলাম বলেন, “এ ধরনের মর্মান্তিক শিল্প দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র, মালিকপক্ষ ও সমাজের সম্মিলিত দায়িত্ব। আমরা মহান আল্লাহর কাছে লিটনসহ সকল আহত শ্রমিকের দ্রুত সুস্থতা কামনা করছি এবং নিহতদের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার আমীর এম এ গফুর, ওয়ার্ড আমীর হারুনুর রশিদ দিদার, ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল মনছুর, জামায়াত নেতা শহীদুল্লাহ, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।