বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘চাকমা রুবেল’সহ ৪ গ্রেফতার, উদ্ধার ৬টি দেশীয় ধারালো অস্ত্র

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ৩৪ মামলার আসামি ও মহানগরীর শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে ‘চাকমা রুবেল’ (৪২) এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি ধারালো ফোল্ডিং স্টিলের ছোরা ও পরবর্তী অভিযানে ২টি ধামা দা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রাতে মাননীয় পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্বিক দিকনির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) খালিদ হাসান তন্ময়, ইনচার্জ, বক্সিরহাট পুলিশ ফাঁড়ি, সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, কোতোয়ালী থানাধীন ইস্পাহানী মোড়ে পুলিশ বক্সের সামনে রিয়াজউদ্দিন বাজার, ফলমণ্ডী ও নিউমার্কেট এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের লক্ষ্য করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে চাকমা রুবেল (৪২),
২. আক্তার হোসেন ওরফে সুমন (৪৫),
৩. মো. আজাদ হোসেন (২৯) এবং
৪. নুর আলম (৩০)।

তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে একটি করে মোট ৪টি ধারালো ফোল্ডিং স্টিলের ছোরা উদ্ধার করা হয়। পরে প্রধান আসামি চাকমা রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে সদরঘাট থানাধীন তার বাসায় অভিযান চালিয়ে আরও ২টি ধারালো ধামা দা জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-২২, তারিখ: ১৪/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, রবিউল ইসলাম ওরফে চাকমা রুবেল দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে কোতোয়ালী থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে এবং চলন্ত বাসে ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

ক্যাটাগরি