বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড ও কিট (Kit) প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

প্যারেড চলাকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট এবং সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করেন। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

এ সময় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৯টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করে এবং পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড সমাপ্ত হয়।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের কিট প্যারেডও পরিদর্শন করেন। এ সময় সদস্যদের ব্যবহৃত সরকারি সরঞ্জাম ও পোশাক-পরিচ্ছন্নতার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল মো. নুরুল আমীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি