ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন
ঝিনাইদহে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছলতা রক্ষা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকেরা।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরমের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ পাঁচ শতাধিক গ্রাহক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিসহ লাখো গ্রাহকের আমানত ঝুঁকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, দেশের বিপুল সংখ্যক প্রবাসী ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। চলমান পরিস্থিতিতে দ্রæত সমাধান না হলে প্রবাসীরা এ ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো কমিয়ে দিতে পারেন, যা দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি করেন তারা।
এসময় বক্তব্যে দেন ঝিনাইদহ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামে জেলা আহ্বায়ক সালফী আব্দুর রহমান, সদস্য সচিব আব্দুল মোমেন, জিয়াউল ইসলাম খান, মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আলতাফ হোসেন, নূরজাহান সাত্তার, ইয়াসমিন আরা, রিজিয়া বেগম ও ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছলতা রক্ষা ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।