ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য গ্রেফতার, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (১৪ মে ২০২৬) বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খালিদ হাসান তন্ময়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোতোয়ালী থানাধীন কাটা পাহাড় লেইনের জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল গলির মুখ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাজু প্রকাশ শাকিল (৩০), আব্দুল আজিজ (২০), মোঃ আব্দুল্লাহ (২৭) ও মোঃ সুলতান (২০)। পুলিশ জানায়, তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য এবং নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিল।
অভিযানে তাদের কাছ থেকে একটি স্টিলের টিপ ছোরা, একটি ধারালো ছুরি, একটি স্টিলের এসএস পাইপ ও একটি প্লায়ার্স উদ্ধার করা হয়।
সিএমপি সূত্র জানায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোনের তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রাজু প্রকাশ শাকিলের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।