লামায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
নজরুল ইসলাম, লামা উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সূত্রে জানা যায়, এ বছর মোট ২৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০৪ জন এবং ছাত্রী ১৩৬ জন। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত; মোট সময় ছিল আড়াই ঘণ্টা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস। তারা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।