পটিয়ায় মাধ্যমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাঃ বিদ্যালয় চ্যাম্পিয়ন
চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা পর্যায়ে মাধ্যমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা শনিবার (১১ এপ্রিল) বিকেলে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে পুরো আয়োজন।
ফাইনাল খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জবরুত খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফারহানুর রহমান চ্যাম্পিয়ন দলের এডহক কমিটির সদস্য সমাজসেবক মুহাম্মদ দিদারুল আলমের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন। এ সময় দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে সন্তোষ ও গর্ব প্রকাশ করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম। তিনি ভবিষ্যতেও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।