জুলাই সনদ বাস্তবায়নে ৭০% জনরায় অবজ্ঞা করলে পরিণতি শুভ হবে না: আনোয়ারুল আলম চৌধুরী
চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন, ১২ এপ্রিল বিক্ষোভ মিছিলের ঘোষণা
চট্টগ্রাম দক্ষিণ জেলার কেরানীহাটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকসহ এনসিপি, এলডিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণের ৭০ শতাংশ রায়কে উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায়কে অবজ্ঞা করার পরিণতি কখনোই শুভ হবে না। অবিলম্বে জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ কেরানীহাট এলাকার ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নেতৃবৃন্দ আগামী ১২ এপ্রিল বিকাল ৫টায় কেরানীহাট সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।