জুলাই সনদকে আইনী মর্যাদা দিন; জুলাই যোদ্ধার উপর হামলাকারীদের গ্রেফতার করুন- মুহাম্মদ নজরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘন্টার পর ঘন্টা সংবিধানের ধারা উপধারা নিয়ে আলোচনা করে সংবিধান বিশেষজ্ঞের খ্যাতি অর্জন করা যাবে, কিন্তু জুলাই সনদের বিষয়ে জনরায়কে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে ৭০℅ ভোটার আর সরকার গঠিত হয়েছে ৫১℅ ভোট নিয়ে। কাজেই সরকার সংখ্যা গরিষ্ঠতা পেলে জুলাই সনদ মহা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অবিলম্বে ম্যান্ডেট মেনে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। গণভোটের মাধ্যমেই প্রেসিডেন্ট জিয়ার শাসন এবং বেগম খালেদা জিয়ার সংসদীয় সরকার পদ্ধতি বৈধতা পেয়েছিল। অনুরূপ আজকের ডকট্রিন অব নেসেসিটি হলো জুলাই সনদের আইনি মর্যাদা প্রতিষ্ঠা। আশাকরি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
আজ (সোমবার) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী হোসাইন মুহাম্মদ তামিম প্রকাশ তামিম মির্জাকে গতকাল (০৫ এপ্রিল ২০২৬) রাতে নগরীর নতুন ব্রীজ এলাকায় একদল মুখোশধারী দুষ্কৃতিকারী কর্তৃক ন্যাক্কারজনক হামলা করে রক্তাক্ত করা হয়েছে। ইতোমধ্যে যারা ধরা পড়েছে তাদের দলীয় পরিচয় প্রকাশিত হওয়ায় গ্রেফতার ও মামলা বিষয়ে গড়িমসি করা হচ্ছে মর্মে জুলাই যোদ্ধারা সোস্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই তো আমরা নতুন বাংলাদেশ ও নতুন সরকার পেয়েছি। দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে তামিম মির্জার উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করার জন্য থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, বায়েজিদ থানা আমীর জাকের হোসাইন প্রমুখ।
এতে ডবলমুরিং, খুলশী ও বায়েজিদ থানা জামায়াতের নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।