বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফটিকছড়িতে মাসিক সমন্বয় সভা: অবৈধ মাটি-বালু উত্তোলন ও জুয়া বন্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম, বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সভায় বৃহত্তর ফটিকছড়ি এলাকার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটা, গাছ নিধন ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধ এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি উপজেলার বিভিন্ন স্পটে জুয়ার আড্ডা ও অবৈধ বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরলে ইউএনও সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ফটিকছড়ির আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বদ্ধপরিকর। সামাজিক অপরাধ ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” সভায় ফটিকছড়ির উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ক্যাটাগরি