বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবু তাহের নদভী (রহ.)-এর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ আল্লামা মুফতি আবু তাহের নদভী (রহ.) আজ সোমবার দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের কৃতিসন্তান ছিলেন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান আলেমে দ্বীন, নিরলস শিক্ষাসেবক ও সমাজ সংস্কারক। তাঁর ইলম, আমল, তাকওয়া ও আত্মত্যাগ আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সারাজীবন দ্বীনের খেদমত, ইসলামী শিক্ষা বিস্তার এবং উম্মাহর কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর নেতৃত্বে জামিয়া ইসলামিয়া পটিয়া একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাকেন্দ্রে পরিণত হয়, যা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে।

তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিভাবকতুল্য আলেমকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁর সকল খেদমত কবুল করেন।

তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্তবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

ক্যাটাগরি