বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

গন্ডামারা ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে মরহুমদের স্মরণে ও ইছালে সাওয়াবের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদে আসর গন্ডামারা বাজার ব্রিজসংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম।

মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মোজাম্বিক প্রবাসী মো. আব্দুর রশিদ, সংগঠনের অর্থ সম্পাদক মো. নাছির উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক এ কে এম দিদার, সদস্য মো. দিদারুল হক চৌধুরী, সদস্য ডা. মো. আব্দুল মোস্তফা, নির্বাহী সদস্য মাওলানা মো. কাজেম রেজা ও আব্দুল গফুর, সদস্য মো. আবু হানিফ, বড়ঘোনা ব্লাড ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন, শাহাব উদ্দীন তালুকদার, আনিছ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ বলেন, “গন্ডামারায় আমার নানার বাড়ি। এই এলাকার প্রতি আমার আলাদা একটি টান রয়েছে।” তিনি পিছিয়ে পড়া এ জনপদের উন্নয়ন ও কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরিষদের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম গন্ডামারা ইউনিয়নের শিক্ষা খাতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং এলাকার সার্বিক উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।

শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম কাদেরী।

ক্যাটাগরি