বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

১৯ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ, ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাতিল

বগুড়ার সান্তাহার জংশন সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ১৯ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধারকাজ শেষ হয়নি। এই দুর্ঘটনার জেরে রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচলকারী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের উভয় প্রান্তের যাত্রা বাতিল ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সান্তাহার স্টেশন ছাড়ার পরপরই বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৬৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের আদমদিঘী ও নওগাঁর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও রাজশাহীর সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আউয়াল জানান, লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি উদ্ধার করে লাইনে বসানো হয়েছে। বাকি ৫টি বগি উদ্ধারে আরও অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী থেকে রাত ৯টায় এবং পঞ্চগড় থেকে সকাল ৯টায় ছেড়ে যাওয়া ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’-এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেনগুলো বিকল্প হিসেবে বগুড়া হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, সিগন্যাল বা যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ক্যাটাগরি