কোতোয়ালী থানায় পুলিশের ওপর হামলা: এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানায় কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন গত ১৪ জানুয়ারি ২০২৬ রাত ৮টা থেকে ১৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী মোড়ে চেকপোস্ট-২১২ এ দায়িত্ব পালনকালে আসামিরা অজ্ঞাতনামা আরও ৩–৪ জন সহযোগীসহ চেকপোস্টে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদান করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে।
ঘটনার পর সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) সোহরাব হোসেন ও রাত্রিকালীন রোমি-২১ এর অফিসার ফোর্স অংশগ্রহণ করেন।
এসময় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—১. আলী আজগর নাগারিয়া প্রকাশ আলী (২২), পিতা: ইউসুফ আব্বাস, মাতা: নেছরিন ইউসুফ। ২. হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪), পিতা: সেলিম সাইফুদ্দিন, মাতা: ফাতেমা সেলিম প্রকাশ ফাতেমা ইলিয়াছ।৩. কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯), পিতা: সেলিম সাইফুদ্দিন, মাতা: ফাতেমা সেলিম প্রকাশ ফাতেমা ইলিয়াছ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৯, তারিখ ১৫ জানুয়ারি ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।