বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

ইতিহাসের প্রথম বিবাহিত মিস ইউনিভার্স, কে এই জেনিফার?

সৌন্দর্যের মুকুটের ঝলমলে আলোয় ঢাকা পড়ে যেতে পারে অনেক গল্প। কিন্তু কারও কারও জীবনে সেই মুকুটের পেছনে থাকে মানুষের পাশে দাঁড়ানোর দীর্ঘ ইতিহাস। পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন ও সংকট মোকাবিলায় যিনি কাজ করেছেন, সেই জেনিফার ব্যারেটোই এবার হয়েছেন বিশ্বের সুন্দরী। মনোবিজ্ঞান ও সমাজকর্মে উচ্চশিক্ষিত এই নারীর হাতেই উঠেছে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মুকুট।

পুয়ের্তো রিকোর সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয় মূল আয়োজন। দেশটির কলিসেও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট ভেন্যুতে ১১৬ দেশের প্রতিযোগীকে নিয়ে বসে এবারের আসর। দীর্ঘ প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফারের মাথায় ওঠে বিজয়ীর মুকুট। বিদায়ী মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন।

২৭ বছর বয়সী জেনিফারের এই জয়ে ২০ বছর পর আবারও বিশ্বসুন্দরীর খেতাব পেল পুয়ের্তো রিকো। দেশটির ইতিহাসে এটি ষষ্ঠ মুকুট। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই সম্মান অর্জন করেন।

তবে জেনিফারের পরিচয় শুধু সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নয়। মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করার পাশাপাশি সমাজকর্মেও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও মানসিক আঘাত মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ কর্মজীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তার পাশাপাশি সেনাসদস্যদের পরিবারের কল্যাণে কাজ করেছেন। পরবর্তী সময়ে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে জেনিফার বিবাহিত এবং এক কন্যাসন্তানের মা। তার স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট। তাদের মেয়ের নাম পেনেলোপে, বয়স সাত বছর।

উল্লেখ্য, ২০২৩ সালে মিস ইউনিভার্সের নিয়মে পরিবর্তন এনে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই পরিবর্তনের পর প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার। তার কাছে এই অর্জন তাই শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়, মানুষের জন্য কাজ করার পরিসর আরও বড় করার সুযোগ।
জিবিএন /আ

ক্যাটাগরি