বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০

কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হওয়ার সময় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পেকুয়া কলেজ গেট চৌমুহনী স্টেশনে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আমির হোসেন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নূর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তারা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া গাড়িচালক সোহেল আকবর (৩৫), তার দুই সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫) আটক হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি হাইয়েস মাইক্রোবাসে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। গাড়িটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে পুলিশের নিয়মিত চেকপোস্টে থামানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদে প্রথমে তারা কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা বললেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে একজন দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হওয়ার সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন মালয়েশিয়াগামী, একজন দালাল, একজন গাড়িচালক ও দুজন চালকের সহকারী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

ক্যাটাগরি