কিশোরগঞ্জে গোপনে মজুত করা ৪০০ লগি-বইঠা উদ্ধার
কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে গোপনে মজুত করা ৪০০টির বেশি লগি-বইঠা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪০০টির বেশি লগি-বইঠা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এসব লগি-বইঠা মজুত করা হয়েছিল বলে দাবি পুলিশের।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।