বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাগরিবের নামাজের পূর্বে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে গিয়ে বৈঠকে বসেন তিনি।

একান্ত এই বৈঠকে দুই শীর্ষ নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্র হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। পাশাপাশি দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তাঁরা একমত হন।

এ ছাড়া বৈঠকে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না কিংবা এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

ক্যাটাগরি