সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রামুতে বাঁকখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে নদী, ফসলি জমি ও সড়ক

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে প্রশাসনের একাধিক অভিযান সত্ত্বেও অবৈধভাবে বাঁকখালী নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে হুমকির মুখে পড়েছে নদী, ফসলি জমি ও স্থানীয় সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই উপজেলার রাজারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাসিরকুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন নুরুল আলমের নেতৃত্বে।

নুরুল আলম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দ্বীপ এলাকার বাসিন্দা এবং ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, বালু উত্তোলনের সঙ্গে তাঁর সিন্ডিকেটের সহযোগী হিসেবে মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ শফির নামও উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বালু উত্তোলনের বিষয়টি এড়িয়ে যান।

বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রাষ্ট্রীয় স্থাপনা ও ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একাধিকবার অভিযান পরিচালনা করলেও প্রভাবশালী মহল ক্ষমতার প্রভাব খাটিয়ে রাতের আঁধারে বালু উত্তোলন অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, বাঁকখালী নদীতে ড্রেজার মেশিনের বিকট শব্দে রাতে স্কুলশিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি শব্দদূষণের কারণে স্বাভাবিক ঘুমেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে তাঁদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

স্থানীয় রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন ও তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি