বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাঙামাটিতে সুজনের দুই যুগ পূর্তি,মানবিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার দাবি

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজনের রাঙামাটি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সুজনের রাঙামাটি পৌর কমিটির সম্পাদক অ্যাডভোকেট ককসি তালুকদার।

এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু চাকমা, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, সুজনের রাঙামাটি জেলা কমিটির সম্পাদক এম. জিসান বখতিয়ার, সহসভাপতি সুকুমার বড়ুয়া, জেলা কমিটির সদস্য ইন্দ্র দত্ত তালুকদার, রাঙামাটি পৌর কমিটির সভাপতি কাজী মঈনুল হোসেন, রাঙামাটি সদর উপজেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এবং সুজনবন্ধু জেলা কমিটির সভাপতি সুজন বড়ুয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও আত্মনির্ভরশীল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও মানুষের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বরং বিভিন্ন সময়ে জাতি লক্ষ্যচ্যুত হয়েছে, যার মাশুল দিতে হয়েছে দেশ ও জনগণকে।

বক্তারা আরও বলেন, খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। একই সঙ্গে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন, সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠানে সুজনের রাঙামাটি জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি