বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র প্রার্থী হেলালী’র

দক্ষিণ হালিশহর এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সঙ্গে মতবিনিময় সভা গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দক্ষিণ হালিশহরের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। বিশেষ করে জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে কার্যকর সমাধানের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, “আমি পাঁচ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, একই সঙ্গে এসব সমস্যা কীভাবে সমাধান করতে হয়, সে অভিজ্ঞতাও আমার রয়েছে।”

৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদের প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষ যেন তাঁকে সহযোগিতা করেন। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের প্রাপ্য সেবা যথাযথভাবে নিশ্চিত করার জন্য কাজ করা হবে। জনগণের সমস্যা সমাধান ও নাগরিক সেবার মান উন্নয়নে জনপ্রতিনিধিরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বিভিন্ন স্থানে নাশকতা, বিশৃঙ্খলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে এসব কর্মকাণ্ডের সমালোচনা করেন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে বলা হচ্ছে, তবে কোন ডিসেম্বর তা স্পষ্ট করা হয়নি। তিনি তাঁর বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকরের বিষয়েও বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ ওসমান গনি। সভা সঞ্চালনা করেন ৩৯ নম্বর ওয়ার্ডের বিএম সেক্রেটারি আব্দুর রহমান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মামুন খান, মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সভায় স্থানীয় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাটাগরি