বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, সেই ‘বুলেট হৃদয়’ নোয়াখালীতে গ্রেপ্তার

‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি’ এবং ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’—সামনে সারি করে রাখা আটটি পিস্তল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকি দিয়ে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তার নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে সামনে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র সাজিয়ে অপর ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে এলে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পরে অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

ভিডিওতে দেখা যায়, কাপড়ের ওপর সারি করে রাখা আটটি পিস্তলের সামনে থেকে ওই ব্যক্তি বলছেন, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অস্ত্র প্রদর্শন ও প্রকাশ্যে হুমকির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশার ছেলে হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পর ভিডিওতে প্রদর্শিত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‍্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় আরও জানান, বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন। অর্থাৎ, সরাসরি অস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি ও ভিডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য অপরাধ, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে ঘটেছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনার পর থেকে রাউজানে অপরাধপ্রবণ গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে।

ক্যাটাগরি