বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

টেকনাফে জোড়া খুনের মামলায় দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান ছিনতাই ও আত্মসাতের বিরোধে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর তারা চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় আত্মগোপন করেছিলেন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মিজানুর রহমান (২৭) ও আব্দুল মোনাফ (২৭)। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। হত্যা মামলায় মিজানুর ২ নম্বর ও আব্দুল মোনাফ ৪ নম্বর আসামি।

বুধবার (১১ নভেম্বর) সকালে এসআরবি-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধের জেরে চার যুবককে পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়। তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন মোক্তার কামাল ও মোহাম্মদ আকবর। আহত অবস্থায় উদ্ধার করা হয় ইলিয়াস ও আলী আহমদকে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, বুধবার সকালে পশ্চিম পানখালী বন বিট কার্যালয়ের পাশের পাহাড়ে ইলিয়াস ও আলী আহমদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাদের উদ্ধার করতে গিয়ে মোক্তার কামালের মরদেহ পাওয়া যায়। পরে একই পাহাড় থেকে আকবরের মরদেহ উদ্ধার করা হয়। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীও ইয়াবা বড়ি আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে চার যুবকের ওপর নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন।

ঘটনার পর ইলিয়াস নামের এক আহত ব্যক্তি জানান, এক লাখ ইয়াবার একটি চালান বহনের দায়িত্ব পেয়েছিলেন তারা চারজন। পথে ওই চালান থেকে ৩০ হাজার ইয়াবা ছিনতাই হয়। পরে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হলেও বাকি ৩০ হাজার ইয়াবার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই ইয়াবা আত্মসাতের অভিযোগ থেকেই তাদের সঙ্গে সংশ্লিষ্ট মাদক কারবারিদের বিরোধের সূত্রপাত হয়।

ইলিয়াস বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে মিজানুর তাদের চারজনকে বিচারের কথা বলে হ্নীলার একটি সশস্ত্র মাদক কারবারি চক্রের হাতে তুলে দেন। পরে তাদের পাহাড়ে নিয়ে মারধর ও নির্যাতন করা হয়। এতে মোক্তার কামালের মৃত্যু হয়। পরে নিখোঁজ থাকা আকবরের মরদেহও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় হত্যা মামলা করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর এজাহারভুক্ত কয়েকজন আসামি আত্মগোপনে চলে যান।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আসামির চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অবস্থানের তথ্য পায় এসআরবি। পরে এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানিক দল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম ফরিদাপাড়া এলাকায় এমএএস টেলিকমের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ মিনিটের ব্যবধানে একই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি