রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার ঘণ্টাব্যাপী এ অভিযানে হাসপাতালের বিভিন্ন নথিপত্র, বিল-ভাউচার ও কেনাকাটার হিসাব যাচাই করে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং রোগীদের পক্ষ থেকে কমিশনে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও ভোগান্তির বিষয়গুলো জানার চেষ্টা করেন। এ সময় সরকারি ওষুধ ক্রয় ও বিতরণ, বিভিন্ন কেনাকাটা এবং সংশ্লিষ্ট বিল-ভাউচারের হিসাবও যাচাই করা হয়।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল-ভাউচার ও কেনাকাটার ক্ষেত্রে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন লিখিতভাবে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এ বিষয়ে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুদকের অভিযানে কিছু বিল-ভাউচারে ত্রুটি পাওয়া গেছে। তবে সেগুলো গুরুতর কোনো সমস্যা নয় বলে তিনি দাবি করেন।

ক্যাটাগরি