রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে পলায়নকৃত ৭ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করলো ৫৭ বিজিবি

বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পলায়নকারী ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ২ নম্বর জিপি গেইটসংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা সবাই রোহিঙ্গা শরণার্থী এবং প্রায় দুই মাস আগে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল চক্রের মাধ্যমে পালিয়ে এসে রামু উপজেলার গর্জানিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন। তারা সেখানে কাজের সন্ধানে গিয়েছিলেন বলে জানা যায়।

আটককৃত ৭ জন রোহিঙ্গার মধ্যে কক্সবাজার জেলার ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পের ৩ জন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের ২ জন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের ১ জন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের ১ জন সদস্য রয়েছেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজ ৮ নভেম্বর ২০২৬ (রবিবার) ভোর ২টার দিকে আটককৃত ওই ৭ রোহিঙ্গা শরণার্থীকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

ক্যাটাগরি