জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে কর্ণফুলীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যুবসমাজকে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দৃঢ় বন্ধন যুব উন্নয়ন সামাজিক সংগঠনের সহযোগিতায় সংগঠনের কার্যালয়ের পাশের পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাঃ রিদুয়ানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব এবং কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুদ্দিন সবুজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন ও আতিকুর রহমান।
কর্মসূচিতে বক্তারা বলেন, যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। মাছের পোনা অবমুক্তকরণের মতো উদ্যোগ জলজ সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি যুবসমাজকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং স্বনির্ভর সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, যুবসমাজকে ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য, কর্মসূচিটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সংগঠনের কার্যালয়সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত হয়।