শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসী-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও মাদক কারবারের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ কেজি বৈদ্যুতিক তার, লোহা কাটার একটি ফ্রেম ও একটি ব্লেড উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে রূপনগর এলাকা থেকে নুরুল ইসলাম (৩৮) ও ওসমান (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে রুপালি রঙের তিন বান্ডেল বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়, যার ওজন ৮০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। এ ছাড়া লোহা কাটার ফ্রেমসহ একটি ব্লেডও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, মাদক কারবারের অভিযোগে আসামবস্তি এলাকার রিপন বড়ুয়া (৪০), রিজার্ভ বাজারের ইসলামপুর এলাকার মো. সোহেল (৩০) এবং শুটকি পট্টি এলাকার মো. রুবেলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডিএসবি কলোনি এলাকার নাইম আল মাহমুদ সাকিন (১৯) ও মাঝেরবস্তি পুলিশ ফাঁড়ি এলাকার ওয়াহেদ খান সামিরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি