পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক কয়েন ও কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি চক্র যানবাহনে করে হিলি সীমান্ত এলাকা দিয়ে বৈদেশিক মুদ্রার কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু ভারতে পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন দেশের ৬০ প্রকারের মোট ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন উদ্ধার করা হয়। এসব কয়েনের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।
উদ্ধার করা কয়েন ও মূর্তিসদৃশ বস্তুটি ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বস্তুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।