‘৮ বিদেশি পিস্তল’ নিয়ে যুবকের হুমকি, ভিডিও ভাইরাল
চট্টগ্রাম: রাউজান উপজেলায় আটটি বিদেশি পিস্তল প্রদর্শন করে হুমকি দেওয়ার ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কাপড় দিয়ে ঢাকা একটি টেবিলের ওপর সারিবদ্ধভাবে রাখা আটটি পিস্তল দেখা যায়।
ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তি ‘হৃদয় বুলেট’ নামে পরিচিত।
তবে পুলিশ জানিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৫ সালের।
ওই ব্যক্তি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পুরোনো ভিডিওটি নতুন একটি ফেসবুক আইডি থেকে আবার ছড়িয়ে দিয়েছেন।
ভিডিওতে নিজের চেহারা আড়ালে রেখে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা।
চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।
’ এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এটি ২০২৫ সালের ভিডিও। হৃদয় বুলেটকে আমরা গ্রেপ্তার করেছিলাম। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে আগের ভিডিওটি অন্য একটি আইডি থেকে প্রচার করছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
জানা গেছে, মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, ৫ আগস্টের পর রাউজানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীসহ দুই ডজনের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলাটিতে প্রায়ই প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটছে।