নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে-ইসলামী যুবসমাজ
যুবসমাজ কোনো দেশের বোঝা নয়; বরং তারাই জাতির সবচেয়ে বড় সম্ভাবনা ও শক্তি। তবে এই শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়।
তাই যুবকদের ইসলামী জ্ঞানচর্চা, নৈতিক চরিত্রের বিকাশ, কর্মদক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলায় গড়ে তোলা জরুরি। বাংলাদেশ ইসলামী যুবসমাজ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে। একই সঙ্গে নবপ্রজন্মের মাঝে ইসলামের চিরন্তন সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে।
বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সম্প্রতি কক্সবাজার জেলা আহ্বায়ক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর শাখার আমির মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমির হাফেজ মোহাম্মদ সালেম এবং জেলা নেজামে ইসলাম পার্টির যুববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী।
এ ছাড়া বক্তব্য দেন জেলা ইসলামী যুবসমাজের যুগ্ম আহ্বায়ক মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম ও মুহাম্মদ সিরাজুল মোস্তফা প্রমুখ।
সভায় কক্সবাজার জেলায় ইসলামী যুবসমাজের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের সক্রিয়তা বৃদ্ধি এবং গঠনমূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।