শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

দুই কিংবদন্তির শেষ অভিনয়ের সাক্ষী বান্দরবান: কাল বিটিভিতে ইত্যাদির ‘বান্দরবান স্পেশাল’

হাবিবুর রশিদ হিমন,বান্দরবান জেলা প্রতিনিধি:
পাহাড়ি সৌন্দর্যের রানি বান্দরবানের মেঘ-পাহাড়ের কোল থেকে কুড়িয়ে আনা স্মৃতি আর দুই বরেণ্য তারকার জীবনের শেষ অভিনয়ের ইতিহাস নিয়ে আগামীকাল রাতে ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। কেয়া কসমেটিকসের সৌজন্যে সাজানো এই বিশেষ সংকলিত পর্বটি আগামীকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় ধারণ করা হয়েছিল অনুষ্ঠানটির মূল অংশ। ঢেউ খেলানো পাহাড়, সবুজ অরণ্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত সেই বর্ণিল মঞ্চের স্মৃতি এবার নতুন ক্যানভাসে দেখতে পাবেন দর্শকরা।

এই পর্বটি কেবল বিনোদন নয়, বহন করছে এক আবেগঘন ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান ইত্যাদির এই বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমেই শেষবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আরেক বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। চিত্রধারণের কিছুদিনের মধ্যেই এ টি এম শামসুজ্জামান মৃত্যুবরণ করায় ইত্যাদিতে প্রচারিত এই নাট্যাংশটিই দুই গুণী অভিনয়শিল্পীর জীবনের শেষ অভিনয় হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।

এবারের পর্বের অন্যতম প্রধান আকর্ষণ বাংলা ও মারমা ভাষার মেলবন্ধনে তৈরি একটি চমৎকার অনুরাগের গান। প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর ও মারমা শিল্পী মান মান সিং। এছাড়া বান্দরবানের ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে গঠিত শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পাহাড়ের রূপ-বৈচিত্র্য নিয়ে পরিবেশিত হবে এক মনমুগ্ধকর নৃত্য।

অনুষ্ঠানে বান্দরবানের রূপ-সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার পাশাপাশি উঠে এসেছে স্থানীয় চঞ্চল কান্তি চাকমার নিজস্ব উদ্যোগে বয়স্ক ভাতা চালুর অনুকরণীয় মানবিক গল্প। থাকছে গাইবান্ধার ফুলছড়ির এক অনন্য শিক্ষক পরিবারের শিক্ষাব্রত নিয়ে বিশেষ প্রতিবেদন, যারা নিজেরা আলোকিত হয়ে আলো ছড়াচ্ছেন সমাজে। পাশাপাশি বিশ্বজুড়ে সমুদ্রসৈকতের পরিবেশগত ভারসাম্য রক্ষায় থাকছে একটি সচেতনতামূলক তথ্যচিত্র।

নিয়মিত আয়োজনে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে ক্ষুরধার বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি থাকছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদির সার্বিক রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

  • ক্যাটাগরি