ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবা জব্দ করলো বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে এসব মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৩৪ বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।