শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাহাড়ি জনপদে সাফল্যের অনন্য দৃষ্টান্ত: লামার কোয়ান্টাম কসমো কলেজে এবারও শতভাগ পাস

নজরুল ইসলাম,লামা (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরাইয়ে অবস্থিত অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় আবারও তাদের গৌরবময় সাফল্যের ধারা বজায় রেখেছে। সদ্য প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া সকল পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রতিকূল পরিবেশের মধ্যেও বিগত ২০২৫ সালের পর এবারও টানা দ্বিতীয়বারের মতো শতভাগ পাসের এই অনন্য রেকর্ড গড়ল প্রতিষ্ঠানটি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে তিনটি বিভাগে মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। শতভাগ পাসের পাশাপাশি এবারও জিপিএ-৫ বা A+ অর্জনে দারুণ কৃতিত্ব দেখিয়েছে কোয়ান্টারা। মোট পরীক্ষার্থীদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ (A+) লাভ করেছে। এছাড়া ৪২ জন শিক্ষার্থী A গ্রেড এবং ১ জন শিক্ষার্থী A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে (বালক) মোট ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন A+ এবং ৯ জন A গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে (বালক) ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন A+ এবং ৮ জন A গ্রেড অর্জন করেছে। অন্যদিকে সবচেয়ে বড় দল ছিল মানবিক বিভাগে, যেখান থেকে ৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮ জন A+, ২৫ জন A এবং ১ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিগত ২০২৫ সালের ফলাফলের সাথে তুলনা করলে দেখা যায়, সে বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। বিগত বছরের পরীক্ষায় জিপিএ-৫ (A+) পাওয়ার সংখ্যা ছিল ৩১ জন এবং বাকি ৩১ জন শিক্ষার্থী A গ্রেড পেয়েছিল। সেবারও পাসের হার ছিল শতভাগ। গবেষক ও স্থানীয় শিক্ষাবিদদের মতে, প্রতি বছরই এই দুর্গম অঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের আধুনিক শিক্ষায় দীক্ষিত করে দেশসেরা ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখা সত্যিই প্রশংসনীয়।

টানা দুই বছর শতভাগ পাসের এই গৌরবময় অর্জনে পাহাড়ি এই জনপদে এবং প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ এই অভূতপূর্ব অর্জনের পেছনে সম্মানিত দাতাদের সময়, শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতার কথা বিশেষভাবে স্মরণ করেছেন। সেই সাথে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং শিক্ষকদের নিরলস দিকনির্দেশনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী দিনগুলোতেও কোয়ান্টাদের এই ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ক্যাটাগরি