ব্যারিস্টার কলেজ- আবদুল মাবুদ সওদাগর সড়কের জলাবদ্ধতা নিরসনে এক সপ্তাহের আল্টিমেটাম, নগর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ব্যারিস্টার কলেজ-আবদুল মাবুদ সওদাগর সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ড শাখা। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার কার্যকর সমাধান না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নগর ভবন ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিউল আলম, সাবেক কাউন্সিলর, ৩৭ নম্বর ওয়ার্ড ও বন্দর থানা জামায়াতের নায়েবে আমির।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিউল আলম বলেন, ব্যারিস্টার কলেজ-আবদুল মাবুদ সওদাগর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার পোশাকশ্রমিকসহ সাধারণ মানুষকে এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। অথচ সড়কটি ময়লা পানিতে ডুবে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে কর্মজীবী মানুষকে প্রতিদিন নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।
তিনি বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে বারবার চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। মানুষের কষ্ট ও দুর্ভোগ দেখেও আমরা নীরব থাকতে পারি না। আমরা সরকারের বিরোধিতা করার জন্য এখানে আসিনি; আমরা জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কথা বলতে এসেছি।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করে শফিউল আলম বলেন, নগরবাসী একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীর প্রত্যাশা করে। অথচ গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকে না। তিনি দ্রুত সড়কটির সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সিটি করপোরেশনের দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নগরীর সড়ক ব্যবস্থাপনা, সড়কবাতি, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের দুর্ভোগ কমাতে হবে।
তিনি অভিযোগ করেন, সড়কটির দুরবস্থা নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরার পরও কার্যকর সমাধান পাওয়া যায়নি। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শফিউল আলম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রকৌশলী পাঠিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করতে হবে। অন্যথায় আগামী এক সপ্তাহ পর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন এবং নগর ভবন ঘেরাও করা হবে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমির হোসেন লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের বি এম সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ, মাওলানা মোজাম্মেল হক, মো. ফখরুল ইসলাম, মো. মোনাব, ডা. আবুল কালাম, গাজী মো. ওমর ফারুকসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও এলাকাবাসী।
মানববন্ধন থেকে বক্তারা ব্যারিস্টার কলেজ-আবদুল মাবুদ সওদাগর সড়কের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।