শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কাপ্তাইয়ে অসহায় তনচংগ্যা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান, মানবিক সহযোগিতা কামনা

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি এলাকার অসহায় তনচংগ্যা পরিবারটি একের পর এক কঠিন সংকটের মুখোমুখি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ইতিস তনচংগ্যা নিজেই বর্তমানে গুরুতর অসুস্থ। অন্যদিকে তাঁর স্ত্রী সান্তনা তনচংগ্যা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিন কাটাচ্ছেন। এর আগে তাঁর বাবা অনিল তনচংগ্যা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর মৃত্যুবরণ করেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা যায়, ইতিস তনচংগ্যার বাবা অনিল তনচংগ্যা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছিলেন। দীর্ঘদিন চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। শেষ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন অনিল তনচংগ্যা।

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই নতুন করে অসুস্থ হয়ে পড়েন ইতিস তনচংগ্যা। তিনি ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর পাকস্থলীতে পানি জমার সমস্যাও দেখা দিয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রথমে তিনি বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আজ রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
অন্যদিকে তাঁর স্ত্রী সান্তনা তনচংগ্যা প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে স্ত্রীর চিকিৎসা ও দুই সন্তানের ভরণপোষণ—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবারটির বর্তমান আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। চিকিৎসা, ওষুধপত্র ও দৈনন্দিন খরচ বহন করার মতো সামর্থ্য তাঁদের নেই। এমন পরিস্থিতিতে অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও মানবিক সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার আকুল আবেদন জানানো হয়েছে।

একটি পরিবারে একের পর এক এমন বিপর্যয় সত্যিই বেদনাদায়ক। দুইটি নিষ্পাপ সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সমাজ ও রাষ্ট্রের কি উচিত নয়, এই অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া?

মানবিক সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর: ০১৮৮৯৯৬৩১৫৩ আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অসুস্থ মানুষগুলোর চিকিৎসার অবলম্বন এবং দুটি শিশুর ভবিষ্যৎ বাঁচানোর আশার আলো।

ক্যাটাগরি