শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পাঁচবিবিতে ইউপি চেয়ারম্যান মিল্টনের সংবাদ সম্মেলন

মোঃ আজাদ আলী, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টনের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স আদায়ের ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মিল্টন।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন বলেন, গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকায় তাঁর বিরুদ্ধে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং আটকে রেখে মারধরের যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য নওগাঁর মান্দা উপজেলার সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজুর রহমানের সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারেন, সংস্থাটি ইউনিয়ন পরিষদের সরবরাহ করা রশিদ বইয়ের পাশাপাশি নকল রশিদ ছাপিয়ে ট্যাক্স আদায় করছে।

চেয়ারম্যানের দাবি, গত ৬ অক্টোবর বিষয়টির সত্যতা পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে সংস্থাটির ট্যাক্স আদায়ের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সংস্থাটির পরিচালক বিষয়টি স্বীকার করে ক্ষমা চান এবং মুচলেকা দেন। তাঁকে আটকে রেখে মারধরের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন চেয়ারম্যান।

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী সংস্থাটির দেওয়া জামানত বাবদ ১ লাখ ১০ হাজার টাকার চেক (নম্বর-৬০০৩৯৪৩৭৬৬, জনতা ব্যাংক, মান্দা শাখা) এবং তাদের কমিশনের টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য রুহুল আমিন বলেন, লোকমুখে জানতে পেরেছেন, সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে অভিযোগ দিয়েছেন, সেখানে তাঁকে সাক্ষী করা হয়েছে। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

একই ধরনের বক্তব্য দেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, নুরবানু ও আরমিনা।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি