শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় বসতঘরে অস্ত্রধারীদের ডাকাতি, নগদ টাকাসহ ২৫ লাখ টাকার অলংকার লুট

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় এক বসতঘরে অস্ত্রধারী ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিংপং মরুং পাড়ার শোকক্রা মুরুংয়ের বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, মুখোশ পরিহিত ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী ডাকাত বসতঘরের লোকজনের হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। পরে তারা নগদ ১ লাখ টাকা ও প্রায় ২৫ লাখ টাকা মূল্যের রুপার অলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শোকক্রা মুরুংয়ের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা তাঁর বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা, ৫০০টি রুপার মুদ্রা, তিনটি গলার মালা ও ছয়টি হারু নিয়ে যায়। লুট হওয়া নগদ টাকা ও রুপার সামগ্রীর মোট আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করে লামা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শোকক্রা মুরুং।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, শোকক্রা মুরুংয়ের বসতঘরে ডাকাতির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ক্যাটাগরি