ফুলপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং পরবর্তী সময়ে আদালতে দায়ের করা মামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বামনখিলায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর বামনখিলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে বামনখিলা বাজারে রহমত আলীর ছেলে জামিলের (১৫) সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জামিলকে মারধর করা হলে তাঁর বাবা রহমত আলী ছেলেকে উদ্ধার করে আনোয়ারের চায়ের দোকানে নিয়ে যান। অভিযোগ রয়েছে, পরে সেখানেও কয়েকজন গিয়ে তাঁদের মারধর করেন। এ সময় রহমত আলীর পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
রহমত আলীর অভিযোগ, ঘটনার কয়েক দিন পর মিরাজ খাঁ তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনে এবং তাঁর দুই ছেলেকে মাদকসেবী হিসেবে উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, মামলাটি মিথ্যা ও বানোয়াট। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হয়রানিমূলক বলে দাবি করা মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান।