মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

নির্বাচনের আড়ালে ইসরায়েলের অপরাধ যেন চাপা না পড়ে: অ্যামনেস্টি

ইসরায়েলে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের মধ্যে ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, নির্বাচনের মাধ্যমে দেশটির মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন আশা করার যথেষ্ট কারণ ফিলিস্তিনিদের হাতে নেই। তাই নির্বাচনী প্রক্রিয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে যাওয়া উচিত নয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এরিকা গুয়েভারা রোসাস বলেন, সাম্প্রতিক মাসগুলোতে নির্বাচনী প্রার্থীরা রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ফিলিস্তিনিবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছেন। তাঁদের কেউ কেউ মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে বিবেচিত কর্মকাণ্ড আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রার্থীরা ফিলিস্তিনি নাগরিক ও বালাদ দলের চেয়ারম্যান সামি আবু শেহাদেহকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও তুলেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির নির্বাচনী রাজনীতিতে ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রশ্ন সামনে এসেছে।

গুয়েভারা রোসাস আন্তর্জাতিক প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরায়েলের নতুন সরকারের ওপর চাপ প্রয়োগ করে মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিশ্চিত করে।একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যকার অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট স্থগিত করার দাবি জানিয়েছে অ্যামনেস্টি।

সংস্থাটির মতে, মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা জরুরি। আল জাজিরা

ক্যাটাগরি