কক্সবাজারে ৭ হাজার ইয়াবা নিয়ে ময়মনসিংহ জেলার নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ অনিকা আক্তার প্রকাশ প্রিয়া (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়ায় ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই নারীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো দুটি বান্ডেল থেকে ৭ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার প্যাকেটসহ মোট ওজন ৬৭৯ গ্রাম। এ সময় তাঁর ব্যাগ থেকে একটি ভিভো ওয়াই১৭এস মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া অনিকা আক্তার প্রকাশ প্রিয়ার স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। তিনি বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি ব্লকে বসবাস করতেন বলে অধিদপ্তরের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(গ) উপধারা অনুযায়ী কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।