সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উত্তেজনা, গুলিবিনিময়ে আহত অন্তত ৬
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উজোবাজার এলাকায় সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুই সদস্য আহত হন।
তিনি আরও জানান, একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে এ গুলিবিনিময় চলে।
পুলিশ সুপার বলেন, বর্তমানে উজোবাজার এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং ওই এলাকার নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে। এ ছাড়া সাজেকে অবস্থানরত সব পর্যটক নিরাপদে সেখান থেকে চলে গেছেন।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুরো বিষয়টি তদন্ত করা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।