বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবান যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের; আহত ৪

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামায় বেড়াতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দুই নারী। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রোজি আক্তার (৫৫) ও নাজমা (৪০)। রোজি আক্তার নজিবুর রহমানের স্ত্রী এবং নাজমা আসলাম হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের ছয়জন একটি মাইক্রোবাসে করে বান্দরবানের লামার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সীতাকুণ্ডের আনোয়ারা জুট মিল বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত চারজনকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান জানান, একই পরিবারের ছয়জন মাইক্রোবাসে করে লামায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একটি পারিবারিক ভ্রমণের আনন্দযাত্রা মুহূর্তেই শোকের ঘটনায় রূপ নেয়। দুর্ঘটনায় দুই স্বজনকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।

ক্যাটাগরি