মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

বার্সেলোনার জয়রথ থামাতে পারবে কি পিএসজি?

স্প্যানিশ লা লিগায় টানা সাত জয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগেও শতভাগ সাফল্য- দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের পারফরম্যান্সে ধারাবাহিকতার ছাপ স্পষ্ট। তবে এবার তাদের জয়যাত্রায় বাধা হয়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সামনে। ইউরোপীয় ফুটবলের দুই শক্তিশালী দলের লড়াইয়ে প্রশ্ন একটাই- বার্সেলোনার দুরন্ত ছুটে চলা থামাতে পারবে কি পিএসজি?

চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় একে অপরের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা ও পিএসজি। ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্স স্টেডিয়ামে।

চলতি মৌসুমে বার্সেলোনার আত্মবিশ্বাসের পেছনে রয়েছে গোল করার ধারাবাহিকতা। হান্সি ফ্লিকের দল সর্বশেষ লা লিগায় রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে। ওই জয়ে লামিনে ইয়ামাল ছিলেন আলোচনার কেন্দ্রে। আক্রমণে গতি, বলের নিয়ন্ত্রণ এবং একাধিক খেলোয়াড়ের গোল করার সামর্থ্য বার্সেলোনাকে বিপজ্জনক করে তুলেছে। রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের পর লা লিগায় তাদের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে।

তবে পিএসজিকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমান চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। সর্বশেষ ইউরোপীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে ৪-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। ফলে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

বার্সেলোনার জন্য বড় দুশ্চিন্তা রক্ষণভাগের চোট সমস্যা। জুলস কুন্দে ও এরিক গার্সিয়ার চোটের কারণে রক্ষণে বিকল্প কমে গেছে। কোচ ফ্লিক অবশ্য আক্রমণভাগে রাফিনিয়াকে শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনার কথা জানিয়েছেন।

দুই দলই ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে। তাই এই লড়াই কেবল পয়েন্টের নয়, নিজেদের শক্তিমত্তা প্রমাণেরও। একদিকে বার্সেলোনার ছন্দময় আক্রমণ, অন্যদিকে পিএসজির ঘরের মাঠের সুবিধা- সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ক্যাটাগরি