শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

সম্মিলিত স্কুল ফুটবল দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

ক্রীড়া প্রতিবেদক | ১৬ অক্টোবর

আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৪) একাডেমি কাপ ফুটবল ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলে অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি। এরই ধারাবাহিকতায় একাডেমির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সম্মিলিত স্কুল ফুটবল দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে একাডেমির অনূর্ধ্ব-১৪, ১৫ ও ১৬ দলের খেলোয়াড়েরা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পশ্চিমের সাগরপাড় মাঠে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে কেইপিজেড বেপজা পাবলিক স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সম্মিলিত স্কুল ফুটবল দল এবং একাডেমির অনূর্ধ্ব-১৪, ১৫ ও ১৬ দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।

খেলা শেষে সিনিয়র দলের মো. সোহানকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। অন্যদিকে, জুনিয়র অনূর্ধ্ব-১৪ দলের সিয়াম সান্ত্বনা পুরস্কার লাভ করে।

ম্যাচ পরিচালনা করেন সাবেক ফুটবলার ও সহকারী কোচ মো. মামুন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কোচ (গোলরক্ষক) ওমর ফারুক, উপদেষ্টা সদস্য মো. আজাদ কামাল, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মো. আমির হোসেন এবং সিনিয়র সদস্য মো. আইয়ুব খান।

একাডেমি সূত্রে জানা গেছে, আগামী সোমবার বিকেলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি এবং বুধবার বিকেলে স্টিল মিলস হাইস্কুলের প্রাক্তন ছাত্র ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।

ক্যাটাগরি