লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকো-কার্ডিওগ্রাম সেবা, কমবে রোগীদের ভোগান্তি
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে হৃদরোগ নির্ণয়ের আধুনিক পরীক্ষা ইকো-কার্ডিওগ্রাম সেবা। এর ফলে লামা ও পার্শ্ববর্তী এলাকার হৃদরোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি দূরবর্তী শহরে গিয়ে পরীক্ষা করানোর যাতায়াতের ভোগান্তি ও ব্যয় কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
এ সময় উপস্থিত ছিলেন লামার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলাইমানসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে অর্থায়ন ও সমন্বিত উদ্যোগে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালু করা হয়েছে। এত দিন ইকো-কার্ডিওগ্রাম পরীক্ষা করাতে লামা ও আশপাশের এলাকার অনেক রোগীকে বান্দরবান জেলা সদর, চট্টগ্রাম কিংবা কক্সবাজারে যেতে হতো। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি দীর্ঘ পথ পাড়ি দিতে নানা ভোগান্তির শিকার হতে হতো।
এখন নিজ এলাকায় তুলনামূলক কম খরচে এ পরীক্ষা করানোর সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় রোগীদের জন্য হৃদরোগ নির্ণয়ের পথ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষের আশা, নতুন এ সেবা চালুর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে। একই সঙ্গে ভবিষ্যতে আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি জনপদ লামায় আধুনিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ইকো-কার্ডিওগ্রাম সেবা চালু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ তৈরি হবে স্থানীয় রোগীদের জন্য।