বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ

মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজসংলগ্ন একটি চায়ের টংঘরের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকোয়াত হোসেন পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তাঁর ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন। মঙ্গলবার বিকেলে তিনি অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বুধবার সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের কাছে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি