শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবানে ২ লাখ বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক আটক

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
সীমান্তে কড়া নজরদারি পেরিয়ে মরণনেশা ইয়াবার বড় চালান দেশে ঢোকানোর চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পরপর দুই দিন গভীর রাতে ও ভোরে পরিচালিত বিশেষ অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে হাতেনাতে আটক করা হয়েছে।

আটক দুই মাদক কারবারি হলেন ২৫ বছর বয়সী ইসলাম ও ২৩ বছর বয়সী মোজিবুল্লাহ। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তজুড়ে চোরাচালানবিরোধী নিয়মিত টহলের অংশ হিসেবে এবং গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার রাতে ৩৪ বিজিবির একটি চৌকস দল ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন গতিবিধি টের পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ইসলাম ও মোজিবুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য ও সীমান্ত পরিস্থিতির পর্যালোচনায় রোববার ভোরে বাইশফাড়ী সীমান্ত এলাকায় আরও একটি আকস্মিক ও জোরদার অভিযান চালায় বিজিবি। ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা। দুইটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ দাঁড়ায় দুই লাখ পিস।

সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, সীমান্ত রক্ষা এবং মাদকের বিস্তার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধী বা চোরাচালানকারী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সীমান্তকে মাদক মুক্ত রাখতে বিজিবির এ ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

ক্যাটাগরি